স্টাফ রিপোর্টার: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অভিনেতা নিজে। এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকাহত তাদের ভক্তরা ।
বর্তমানে অভিনেতা জাহের আলভী নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন। স্ত্রীর মৃত্যুর বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি বার্তা দিয়েছেন। লিখেছেন, আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।
অভিনেতা আরও লেখেন, আমার শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন।
অভিনেতার অনুরোধ, আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।
ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভক্ত ও পরিচিতদের ভিড় বাড়ছে। মৃত্যুর মাত্র ৫ ঘণ্টা আগেও তিনি একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে অবশ্য তার মৃত্যুর কারণ বা এ প্রসঙ্গে কোনো কিছুই আঁচ করা যায়নি। পোস্টটিতে ‘আমার বোনের মাতৃত্বযাত্রার এক তিক্ত অভিজ্ঞতা’ টাইটেলে ইকরা তার বোন রাকা ফারহাতের ২০২৪ সালের মাতৃত্বযাত্রার বিষয়ে লিখেছেন। তবে ওই পোষ্টের মন্তব্যের ঘরে রীতিমতো স্তব্ধ অনুরাগীরা। সেখানে প্রায় সকলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন মন্তব্য করেছেন, অন্তত সন্তানের জন্য হলেও যেন মৃত্যুর এই খবরটি মিথ্যা হয়। আরেকজন লিখেছেন, আলভীর জন্মদিনে মা-ছেলের সুন্দর ভিডিও দেখার পর এমন সংবাদ কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এছাড়াও অনেকেই এই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের এই দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব