স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, এসব বিষয়ে সময় নষ্ট না করে দেশের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত। তিনি বলেন, আমাদের ফোকাস হওয়া উচিত কীভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা যায় এবং কীভাবে একটি সমৃদ্ধ অর্থনীতিতে দেশকে রূপান্তর করা যায়।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যারা দুর্নীতি করবে, দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি এবং ভবিষ্যতেও দেবো না।
সভায় মন্ত্রী জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ঝুম