স্টাফ রিপোর্টার: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতি-এর দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এবং বিচ্ছেদের আবেদন করেছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্গীতা দাবি করেছেন যে বিজয় বিবাহবহির্ভূত সম্পর্ক রেখেছেন এবং তাকে প্রতারণা করেছেন। এ ঘটনায় স্ত্রীর পরিচয়ও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দীর্ঘদিন ধরে বিজয়ের পারিবারিক জীবন অত্যন্ত গোপনীয় ছিল, জনসমক্ষে তাকে স্ত্রীর সঙ্গে খুব কম দেখা যেত।
জানা গেছে, সঙ্গীতা মূলত শ্রীলঙ্কান বংশোদ্ভূত তামিল শিল্পপতির মেয়ে এবং বিয়ের আগে তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন। ১৯৯৬ সালে বিজয়ের ব্লকবাস্টার সিনেমা পুভে উনক্কাগা দেখার পর অভিনন্দন জানাতে লন্ডন থেকে চেন্নাই এসেছিলেন সঙ্গীতা। সেখান থেকেই তাদের পরিচয় ও প্রেমের শুরু।
দীর্ঘ সম্পর্কের পর ১৯৯৯ সালে তারা হিন্দু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে।
অভিনেতার রাজনৈতিক ক্যারিয়ার যখন শীর্ষে, ঠিক সেই মুহূর্তে এই খবর বিজয়ের অনুরাগী ও দলীয় কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে বিচ্ছেদের বিষয়ে এখন পর্যন্ত বিজয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম