স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও বড় রদবদল করা হয়েছে। সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, যিনি এর আগে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান কিউএমজির দায়িত্ব থেকে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে বদলি হয়েছেন।
শাহীনুল হকের পেশাগত জীবন
নতুন কিউএমজি শাহীনুল হক এর আগে সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত। এছাড়া চট্টগ্রামের ২৪তম ও সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্বে ছিলেন।
ফয়জুর রহমানের দায়িত্ব
নতুন এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, পদোন্নতির আগে স্বল্প সময়ের জন্য ডিজিএফআই-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত এবং রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্বে ছিলেন।
অন্যান্য শীর্ষ রদবদল
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি আগে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন।
অ্যাডজুট্যান্ট জেনারেল পদে টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে নিযুক্ত করা হয়েছে। তিনি আগে এনএসআই-এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি