রিপোর্টার্স২৪ ডেস্ক: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে গতকাল আকরামের করা আপিলের ওপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।
ট্রাইব্যুনালের রায় ও অভিযোগ
২০১৫ সালের ১১ আগস্ট একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই রায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় খান মো. আকরাম হোসেনকে একটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল।
রায়ে বলা হয়, মামলার তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়েছে। প্রমাণিত পাঁচ অভিযোগে সিরাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়- ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকরের নির্দেশ ছিল।
অন্য আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।
আপিলে খালাস
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন। শুনানি শেষে আপিল বিভাগ তাকে খালাস দেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর খালাসের বিস্তারিত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/আরকে