| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৮:৫৮:৫৯:অপরাহ্ন  |  ৬১৭৬৮৮ বার পঠিত
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:  সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এডিটরস কাউন্সিল (সম্পাদক পরিষদ)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পরিষদের সভাপতি নূরুল করীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে দেশের বিভিন্ন স্থানে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কারণে অনেক সাংবাদিক এখনও কারাবন্দি রয়েছেন এবং অনেকে নিয়মিত আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। এতে সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে।

পরিষদ জানায়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসাপেক্ষ অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। তবে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার ও সাংবাদিকদের হয়রানি বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছিল এবং সে সময় আশ্বাসও দেওয়া হয়েছিল যে মামলাগুলো খতিয়ে দেখা হবে। কিন্তু এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ করা হয়।

নবনির্বাচিত সরকারের প্রতি সম্পাদক পরিষদ আহ্বান জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারে কার্যকর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪