রিপোর্টার্স২৪ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ সংক্রান্ত বিষয়টি এখনও ‘বিকাশমান’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি উল্লেখ করেছেন, নতুনভাবে যুক্তরাষ্ট্র সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণার কথা শোনা গেলেও, এ বিষয়ে সরকার এখনো কোনো লিখিত নোটিশ পাননি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি এখনো বিশ্লেষণাধীন। চুক্তির বিভিন্ন ধারা থাকে সবই যে পক্ষে বা বিপক্ষে হবে, এমন নয়। আমরা দেখছি এতে কী আছে, তারপর করণীয় ঠিক করা হবে।
মন্ত্রী আরও বলেন, ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি একটি স্পর্শকাতর বিষয়। আমাদের দেশও সেনসিটিভ। বিষয়টি যেহেতু বিকাশমান, এ নিয়ে এখন মন্তব্য করতে চাই না। দয়া করে এ বিষয়ে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না।
বাজার পরিস্থিতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার যেসব পণ্য আমদানি করে বাজারকে সহায়তা দেয়, সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ৪০–৫০ টাকার লেবু ১২০ টাকায় যাওয়ার কোনো কারণ ছিল না। তিন দিনের মধ্যে আবার ৪০ টাকায় নেমে এসেছে মানে কোনো ঘাটতি ছিল না, কিছু মানুষ সুযোগ নেয়ার চেষ্টা করেছে। সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল।
টিসিবির ট্রাক বিক্রি কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্টদের আরও সচেতন থাকার আহ্বান জানাই। এমন ঘটনা দেখা মাত্রই মন খারাপ হয়ে যায়। এগুলো হওয়া উচিত নয়। চাঁদাবাজি রোধে সরকারের কার্যকর পদক্ষেপ
চাঁদাবাজি বন্ধে সরকারের অবস্থান সম্পর্কে তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা কেবল আশ্বাস দেব না, বরং কাজ করে দেখাবো।
রিপোর্টার্স২৪/ঝুম