স্টাফ রিপোর্টার: সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থান–এ জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ২০০৯ সালের এই দিনে বিডিআরের চৌকস ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করা হয়। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক একটি অধ্যায়। দেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত করা হয়েছিল। একই সঙ্গে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করা হয়েছিল। তবে স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে জনগণ ঘুরে দাঁড়িয়েছেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার বড় সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অতীতের মতো দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে এই জঘন্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।”
মন্ত্রী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবার-পরিজনদের সঙ্গে সমবেদনা প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম