রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনী তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, নির্বাচনী তহবিলে অনুদান দেওয়ার জন্য সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। তবে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষিতে দেওয়া অনুদান ফেরত নিতে চান, তারা নির্ধারিত ফর্ম পূরণ করে অর্থ ফেরত নিতে পারবেন।
তিনি জানান- যারা ব্যাংকের মাধ্যমে অনুদান দিয়েছেন, তাদের জন্য আলাদা ফর্ম রয়েছে।
যারা সরাসরি ব্যাংকে নগদ জমা দিয়েছেন, ডিপোজিট স্লিপ না থাকলেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।
বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্যও পৃথক ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ, ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে অনুদানের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।
পোস্টের শেষে সমর্থক ও অনুদানদাতাদের প্রতি আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. তাসনিম জারা।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তাসনিম জারা। ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।
রিপোর্টার্স২৪/আরকে