| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই ফিরতে পারেন সাকিব

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৬:৫৭:০৮:পূর্বাহ্ন  |  ৬৫৩১৬৬ বার পঠিত
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই ফিরতে পারেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসান-কে ফেরাতে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে দায়ের হওয়া আইনি মামলাসংক্রান্ত নথিপত্র সরকারের কাছে জমা দিয়েছে বোর্ড। ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকবাজ দাবি করেছে, এ পদক্ষেপে সাকিবের দেশে ফেরা ও দলে পুনরায় খেলার পথ আরও সুগম হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জাতীয় দলে তার প্রত্যাবর্তন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রকাশ্যে বলেছেন, দেশের স্বার্থে সাকিব ও মাশরাফি বিন মর্তুজা-র মতো ক্রিকেটারদের মাঠে ফেরাতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয় সরকারিভাবে পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সরকারের সংশ্লিষ্ট দপ্তর কাজ করবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের স্বার্থে সাকিবকে প্রয়োজন—এই বার্তাও আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

সূত্র বলছে, সরকারের সঙ্গে সমন্বয় করে আইনি জটিলতা নিরসনের প্রক্রিয়া এগোচ্ছে। সবকিছু অনুকূলে থাকলে আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব।

দীর্ঘদিন ধরে দলের অন্যতম সেরা পারফরমার হিসেবে বিবেচিত সাকিবের প্রত্যাবর্তন হলে তা বাংলাদেশের ক্রিকেটে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪