বিনোদন ডেস্ক: অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিমানবন্দরে অবৈধ পণ্যসহ আটক হওয়ার খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। তিনি জানিয়েছেন, এই মানহানিকর প্রচারের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।
সোমবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মেহজাবীন বলেন, আমাকে জড়িয়ে যে ঘটনা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হয়েছে, তার বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নিয়েছি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজ আটকানো হয়নি এবং বিমানবন্দরের কোনো কর্মকর্তা আমাকে জিজ্ঞাসাবাদও করেননি।
তিনি প্রশ্ন তুলেছেন, আমাকে জিজ্ঞাসাবাদ করার, আমার লাগেজ থেকে কোনো অবৈধ জিনিস পাওয়ার কোনো ছবি, ভিডিও বা প্রমাণ আছে কি? মেহজাবীন অভিযোগ করেছেন, তার ছবি ক্লিকবেইটের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, অথচ কোনো প্রমাণ নেই যে তার লাগেজে অবৈধ কিছু ছিল।
তিনি আরও লিখেছেন, আমার বিরুদ্ধে এই অভিযোগ অমূলক এবং আমি এর সঙ্গে কোনোভাবে জড়িত নই। এমন মানহানিকর প্রচার অত্যন্ত উদ্বেগজনক। কারোরই এই পরিস্থিতির মুখোমুখি হওয়া কাম্য নয়।
এর আগে রোববার মেহজাবীন উল্লেখ করেছিলেন যে, গত কয়েকদিন ধরে তাকে নানা বিষয়ে ‘টার্গেট’ করা হচ্ছে। বিতর্কের সূত্রপাত হয় একটি সংবাদ থেকে, যেখানে দাবি করা হয়েছিল, ১৭ আগস্ট ব্যাংকক ফেরার পথে মেহজাবীন ও তার স্বামী বিমানবন্দরে মদের বোতলসহ আটক হয়েছেন। তবে এই খবরের সত্যতা প্রমাণিত হয়নি।
রিপোর্টার্স২৪/ঝুম