রিপোর্টার্স২৪ ডেস্ক: হজ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দরে ভোগান্তি ও হয়রানি এড়াতে সরকার কার্যকর ও যুগোপযোগী ব্যবস্থা গ্রহণে কাজ করছে, জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, হজযাত্রী ও বিদেশগামী কর্মীরা দেশের অর্থনীতি ও মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ। তাদের যাত্রাপথ সহজ ও নিরাপদ করতে বিমানবন্দরগুলোতে জনবল সংকট দূর করা, ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং একীভূত সেবা নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও জানান, দালালচক্রের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এছাড়া ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে, যাতে যাত্রীরা স্বল্প সময়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।
সভায় মন্ত্রী অতীতের নেতিবাচক চর্চা ও দুর্নাম পেছনে ফেলে নতুনভাবে জনবান্ধব উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম