রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্মাতা রায়হান রাফী আবারও হাজির হচ্ছেন ভিন্ন স্বাদের গল্প নিয়ে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘প্রেসার কুকার’। সম্প্রতি টানা দুটি পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি আর তাতেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
প্রকাশিত পোস্টার দুটিতে উঠে এসেছে চার প্রধান নারী চরিত্রের উপস্থিতি। আভিজাত্যপূর্ণ সাজসজ্জার আড়ালে তাঁদের চোখেমুখে স্পষ্ট রহস্য আর চাপা বেদনার ছাপ। কে তারা? কী তাদের গল্প? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে।
নির্মাতার ভাষ্য, ঢাকার ব্যস্ত নগরজীবনে নারীদের প্রতিদিনের সীমাবদ্ধতা, না বলা যন্ত্রণা আর অদৃশ্য লড়াইকে ঘিরেই গড়ে উঠেছে এই সিনেমার কাহিনি। তার মতে, এই শহর যেন নারীদের জন্য এক ভয়ংকর চাপের পাত্র যেখানে জমে থাকা দীর্ঘশ্বাস একসময় তীব্র শব্দে ফেটে পড়ে!
চলচ্চিত্রের মূলধারায় যেখানে নায়ককেন্দ্রিক গল্পই বেশি দেখা যায়, সেখানে একেবারে চার নারী চরিত্রকে কেন্দ্র করে সাহসী উদ্যোগ নিয়েছেন রাফী। কোনো প্রধান পুরুষ চরিত্র ছাড়াই নির্মিত এই গল্প ঢালিউডে এক ব্যতিক্রমী পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্টারের লুকের সঙ্গে হীরামান্ডি-র আবহের মিল খুঁজে পাচ্ছেন। তবে নির্মাতা বলছেন, তাঁর গল্প সম্পূর্ণ আলাদা এবং সময়োপযোগী।
জানা গেছে, কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। প্রযোজনাতেও সক্রিয়ভাবে যুক্ত আছেন নির্মাতা নিজেই।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদুল ফিতরেই দেশের প্রেক্ষাগৃহে দর্শকরা উপভোগ করতে পারবেন বহু প্রতীক্ষিত এই সিনেমা। এখন শুধু অপেক্ষা চাপের শহরে চার নারীর সেই বিস্ফোরণের!
রিপোর্টার্স২৪/ঝুম