স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। রোববার (২২ ফেব্রুয়ারি) এক টেলিফোন আলাপে তিনি নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ফোনালাপে দুই দেশের শীর্ষ কূটনীতিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের কল্যাণে একটি ‘ভবিষ্যতমুখী অংশীদারত্ব’ গড়ে তোলার বিষয়ে তারা একমত হন।
এদিকে একই দিন বিকালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন মন্ত্রিসভায় ড. খলিলুর রহমান সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করছেন।
রিপোর্টার্স২৪/এসসি