স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদার দাবিতে একদল সশস্ত্র সন্ত্রাসী একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালায়। অভিযোগ রয়েছে, ১০-১২ জনের একটি দল চাপাতি নিয়ে ‘আবির এমব্রয়ডারি’ ফ্যাক্টরিতে ঢুকে মালিক ও শ্রমিকদের ওপর হামলা করে। এ সময় তারা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে এবং কয়েকজনকে কুপিয়ে আহত করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর আশপাশের কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারা অভিযুক্তদের খুঁজতে গিয়ে কথিত নেতা রাসেলের বাড়ি ঘেরাও করেন। তবে তাকে না পেয়ে তার বাবাকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে হেফাজতে থানায় নিয়ে আসে। এর পরপরই উত্তেজিত জনতা আদাবর থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
রাত ১টার দিকেও থানা ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি চলছিল। এ সময় বিক্ষোভকারীরা চাঁদাবাজি ও গণছিনতাই বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ঘটনার বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, বেতন বিতরণের সময় কারখানায় হামলার ঘটনা ঘটেছে। ফ্যাক্টরির মালিক বাদী হয়ে একটি মামলা করেছেন এবং আইনি প্রক্রিয়া চলছে। শ্রমিকদের আহত করার ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে।
রিপোর্টার্স২৪/বাবি