রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর তার আচরণ, বিনয় ও কথাবার্তা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি আলোচনায় উঠে এসেছেন তার কন্যা জাইমা রহমানও। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি, বক্তব্য ও ব্যক্তিত্ব ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে।
বিশেষ করে শোবিজ অঙ্গনের দুই জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা প্রকাশ্যে জাইমার প্রশংসা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন, যা নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আজমেরী হক বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, এই মেয়েটিকে আমি সত্যিই ভীষণভাবে শ্রদ্ধা করি জাইমা রহমান। গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করছি। সে যেভাবে নিজেকে উপস্থাপন করে, যেভাবে কথা বলে, পৃথিবীকে যেভাবে দেখে এবং সবসময় যেভাবে স্থির ও মাটির কাছাকাছি থাকে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার চিন্তায় স্পষ্টতা আছে, উপস্থিতিতে আছে দৃঢ়তা। তার মধ্যে আমি ভবিষ্যতের একজন নেতার সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাই। তার জন্য রইল আন্তরিক শুভকামনা ও অনেক ভালোবাসা।
বাঁধনের এই মন্তব্য দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। তার পোস্টে অনেকেই জাইমার ব্যক্তিত্ব ও শিক্ষাদীক্ষা নিয়ে ইতিবাচক মতামত জানান।
অন্যদিকে তানজিন তিশাও নিজের ফেসবুক পোস্টে জাইমাকে নিয়ে লিখেছেন, বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন। তিনি আরও যোগ করেন, কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিশার এই মন্তব্যও সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বেড়ে উঠেও নিজস্ব সংস্কৃতির প্রতি টান ও শ্রদ্ধাবোধ ধরে রাখা তরুণ প্রজন্মের জন্য একটি ইতিবাচক বার্তা।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রমে জাইমা রহমানের উপস্থিতি এবং তার সংযত, আত্মবিশ্বাসী উপস্থাপনা নিয়ে তরুণদের মধ্যে আলোচনা বাড়ছে। বিশ্লেষকদের মতে, জনপরিসরে নতুন প্রজন্মের এমন সক্রিয় ও আত্মবিশ্বাসী উপস্থিতি রাজনীতির ভবিষ্যৎ ধারায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সব মিলিয়ে অভিনেত্রীদের প্রকাশ্য প্রশংসার পর জাইমা রহমানকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম