| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা: জয়া

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৪:৪৪:৩৫:অপরাহ্ন  |  ৬৩৭৭২৪ বার পঠিত
একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা: জয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নাত এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে প্রাণ বিসর্জন দিয়েছেন।

শহীদ দিবস উপলক্ষে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ২১ ফেব্রুয়ারি এলে ভোরের আলোও যেন নরম হয়ে ওঠে, বাতাসে ভেসে আসে এক অদ্ভুত শোক ও গর্বের মিশ্রণ। মনে হয়, মাটির গভীর থেকে কেউ ফিসফিস করে বলছে, ভাষাকে ভালোবাসো।

জয়া আরও উল্লেখ করেছেন, ভাষা কেবল উচ্চারণ নয়, এটি মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। এই ভাষাকে বাঁচাতে ১৯৫২-এর তরুণেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন; গুলির শব্দের সামনে তারা ভয়কে ছোট করে দেখেছিলেন। তাদের কাছে বাংলা ছিল শ্বাসের মতো থামানো যায় না, থামানো উচিতও নয়।

ভাষা শহীদদের নাম যেমন সালাম, বরকত, রফিক, জব্বার, তেমনই তাদের আত্মত্যাগ আমাদের প্রতিটি ‘মা’ শব্দের মধ্যে লুকিয়ে থাকা সাহসের প্রতীক। জয়া লিখেছেন, আজ আমরা সহজে বাংলায় লিখি, কথা বলি, মনের কথা প্রকাশ করি। অথচ এই সহজতার পেছনে লুকিয়ে আছে কত রক্ত, অশ্রু এবং অসমাপ্ত স্বপ্ন।

জয়ার কথায়, একুশ মানে মাথা নত করে দাঁড়ানো। একুশ মানে ভেতর থেকে শক্ত হয়ে ওঠা। একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা।

শেষে তিনি জানান, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না, শুধু হৃদয়ে বহন করে যাব চিরকাল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪