রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা ভাষা বিকৃত হচ্ছে। বানান ও ব্যাকরণের চর্চা কমে যাচ্ছে। ভাষা আধুনিক হতে পারে, কিন্তু বিকৃত হওয়া উচিত নয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, প্রথম ভাষা হিসেবে এর গুরুত্ব অটুট। তবে দ্বিতীয় ভাষা হিসেবে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হবে, সেটিও এখন গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে। তিনি উল্লেখ করেন, দেশে ইংরেজিকে দ্বিতীয় ভাষা করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে অন্য ভাষার প্রয়োজনও রয়েছে।
মাদরাসাগুলোতে আরবিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেখানে ইংরেজি বা বাংলার সমন্বয় কার্যকরভাবে হয়নি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা ইংরেজি, উর্দু বা আরবিতে স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখি বাংলা ভাষায়। চিন্তা, জ্ঞান বিতরণ, অনুভব সবকিছু মাতৃভাষার মাধ্যমে শুরু হয়।
তিনি জানান, পৃথিবীতে প্রায় ৩০০ মিলিয়ন মাতৃভাষা রয়েছে এবং সেগুলো সংরক্ষণ জরুরি। বাংলাদেশে প্রায় ৬৫টির বেশি ভাষা রয়েছে, যেগুলোও সংরক্ষণ করতে হবে।
পাঠ্যক্রম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ২০০ নম্বর, ইংরেজিতেও ২০০ নম্বর। এটি শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে কিনা, তা বিবেচনা করতে হবে।
হাইকোর্টের রায়ের ভাষা বিষয়ে তিনি বলেন, যদি রায় বাংলায় হতো, সাধারণ মানুষ আরও ভালো বুঝতে পারত। ইংরেজি থেকে বাংলায় রূপান্তর নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে, সেগুলো সমাধান করতে হবে।
১৯৫২ সালের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলা ভাষার মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই সার্বভৌমত্ব শক্তিশালী করতে ভাষার মর্যাদা রক্ষা করা জরুরি।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রিপোর্টার্স২৪/ঝুম