রিপোর্টার্স২৪ ডেস্ক: টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী-এর বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিয়েছেন বনগাঁর অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রী। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে গত মাসে তনয় শাস্ত্রী গ্রেপ্তার হন এবং ১৪ দিন জেলহাজতে থাকেন। জেল থেকে মুক্তি পাওয়ার পরই তিনি অভিনেত্রীর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেন।
শুক্রবার বিকেলে নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে তনয় শাস্ত্রী জানান, মিমি চক্রবর্তীর উচিত জনসমক্ষে ক্ষমা চাওয়া। পাশাপাশি তিনি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তনয় শাস্ত্রী দাবি করেছেন, অনুষ্ঠানে পারফর্ম করার জন্য মিমি ২ লাখ ৬৫ হাজার রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। কাজ পূর্ণ না হওয়ায় সেই অর্থ ফেরত চান এবং সামাজিক সম্মানহানির ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ রুপি দাবি করে ইতিমধ্যেই মানহানির মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, অনুষ্ঠানে কোনো অপমান করা হয়নি। মিমি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসায় তাকে মঞ্চ থেকে নামানো হয়েছিল। তবে এ ঘটনায় তাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। জেল থেকে বের হওয়ার পর তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আমি এর শেষ দেখে ছাড়ব।
এ বিষয়ে এখনও পর্যন্ত মিমি চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম