| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই: কৌশানী মুখার্জি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১১:১২:২৯:পূর্বাহ্ন  |  ৬৬৮৭৮২ বার পঠিত
কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই: কৌশানী মুখার্জি

বিনোদন ডেস্ক: আলো ঝলমলে রূপালি পর্দার আড়ালে লুকিয়ে থাকে না বলা অনেক গল্প। সেই অজানা গল্পের দরজা খুলে এবার অকপটে নিজের জীবনের কঠিন অধ্যায় তুলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে যেমন পেয়েছেন সাফল্যের স্বাদ, তেমনি সহ্য করেছেন অবহেলা, একাকিত্ব আর গভীর ব্যক্তিগত শোক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের এমন সময়ও এসেছে যখন তার ক্যারিয়ার প্রায় থমকে গিয়েছিল। ঠিক সেই সময়েই হারান তার সবচেয়ে বড় ভরসা মাকে। সেই দুঃসহ সময়ের স্মৃতি হাতড়ে কৌশানী বলেন,

আমি জীবনে সবরকম খারাপ সময় দেখে ফেলেছি। এমনও দিন গেছে, ভিড়ের মাঝে সবাই শুধু বনির সঙ্গে ছবি তুলতে চাইত, আমাকে কেউ লক্ষ্য পর্যন্ত করত না। তখন নিজের পরিচয় নিয়েই প্রশ্ন জাগত।

এখানে তিনি উল্লেখ করেন তার দীর্ঘদিনের সঙ্গী অভিনেতা বনি সেনগুপ্ত-র কথা। জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে থাকা বনির পাশে দাঁড়িয়ে থেকেও কখনও কখনও নিজেকে যেন আড়ালেই পড়ে থাকতে হয়েছে তাকে।

ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বরাবরই খোলামেলা কৌশানী। তিনি জানান, আগের একটি গুরুতর সম্পর্ক ভেঙে যাওয়ার অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে। তার ভাষায়, ইন্ডাস্ট্রির চাকচিক্য ও অপরিপক্বতার কারণে সেই সম্পর্ক টেকেনি। তবে বনির সঙ্গে সম্পর্কে তিনি কাজ ও ব্যক্তিগত জীবনকে আলাদা রেখেছেন সচেতনভাবেই।

কৌশানী অকপটে বলেন, মাঝে মাঝে আমি বনিকে বলতাম, তুমি এত ভালো কাজ করছ, আমাকে কোথাও সুযোগ করে দাও না কেন? সত্যি বলতে, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। আমি তো কাজের জন্যই বলছি, অন্য কিছুর জন্য নয়। তার এই বক্তব্য অনেকের কাছে সাহসী ও স্পষ্ট অবস্থান হিসেবেই ধরা পড়েছে।

অভিনয় জগতে কাজ পাওয়ার বাস্তবতা নিয়েও স্পষ্ট মত দিয়েছেন কৌশানী। তার মতে, গ্ল্যামার জগত সবসময়ই সহজ লক্ষ্যবস্তু। তিনি বলেন, আমাদের পেশায় যা কিছু ঘটে, তার বেশিরভাগই দুজনের সম্মতিতে হয়। এখানে কেউ সাড়া না দিলে তাকে জোর করা হয়েছে এমনটা আমার জানা নেই।

তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রেই অবহেলার শিকার হতে হয়। তার আক্ষেপ,অনেক সময় মনে হয়েছে একটি চরিত্র আমি আরও ভালো করতে পারতাম। কিন্তু পরিচিত গণ্ডির বাইরে কাউকে নেওয়ার প্রবণতা কম। তাই নিজেদের জায়গা শক্ত করতে অনেকেই এখন প্রযোজনা সংস্থা খুলছেন। সেখানে কেউ নিজের কাছের মানুষ বা প্রিয়জনকে সুযোগ দিলে তাতে দোষের কিছু দেখি না।

এক দশকের পথচলায় সাফল্য ও ব্যর্থতার দোলাচল, ব্যক্তিগত শোক, সম্পর্কের টানাপোড়েন সবকিছু মিলিয়ে আরও পরিণত হয়েছেন কৌশানী। তার কথায় স্পষ্ট, তিনি এখন আর আড়ালে থাকতে রাজি নন। নিজের প্রাপ্য আদায় করতে হলে বলতে জানেন, চাইতেও জানেন।

কারণ তার বিশ্বাস পরিশ্রমের জন্য কাজ চাওয়া লজ্জার নয়, বরং সেটাই একজন শিল্পীর আত্মসম্মানের প্রকাশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪