রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে মেট্রোরেলে যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন নির্দেশনা অনুযায়ী, মেট্রোরেলে ভ্রমণের সময় কোনো ধরনের ইফতারসামগ্রী বা খাবার বহন ও গ্রহণ করা যাবে না। যাত্রীরা কেবলমাত্র ২৫০ মিলিলিটার পানি সঙ্গে রাখতে পারবেন।
গত ১৬ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। যদিও আগের বছরগুলোতেও রমজান মাসে একই নিয়ম কার্যকর ছিল।
নির্দেশনায় বলা হয়েছে, ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যাতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
এদিকে রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, যা ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে কার্যকর থাকবে।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
রিপোর্টার্স২৪/আরকে