রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর পুলিশের শীর্ষ পদে রদবদলের গুঞ্জন তীব্র হয়েছে। বিশেষ করে দেশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদে সম্ভাব্য নিয়োগ নিয়ে চলছে নানা জল্পনা।
আইজিপি পদে সম্ভাব্য প্রার্থী
পুলিশ ও নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, নতুন আইজিপি পদে নিয়োগের জন্য কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ১২তম ব্যাচের কর্মকর্তা, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) দেলোয়ার হোসেন মিঞা রয়েছেন। আরও রয়েছেন
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
আইজিপি হিসেবে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠানও আলোচনা তালিকায় রয়েছে।
বর্তমান আইজিপি বাহারুল আলমকে অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল, যার মেয়াদ আগামী ২০২৬ সালের ২০ নভেম্বর শেষ হচ্ছে।
ডিএমপি কমিশনার পদে আলোচনায় যারা
ডিএমপি কমিশনার হিসেবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন- চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ।
বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হচ্ছে।
একাধিক সূত্র জানায়, বিএনপি সরকার গঠনের পর পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন নিয়োগ নিয়ে সিদ্ধান্ত আসা মাত্রই শীর্ষ নিরাপত্তা বাহিনীর কাঠামো ও নেতৃত্বের চিত্র বদলে যেতে পারে।
রিপোর্টার্স২৪/আরকে