রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নির্বাচনে হেরেছেন সারজিস আলম। তিনি বলেন, বিএনপির শপথ অনুষ্ঠানের আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না।
সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে ধরে জানান, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটি অন্তর্ভুক্ত হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তারপর সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান হবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি এবং ভবিষ্যতেও চলব।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, তিনি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে এবং তার উপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
এদিকে সারজিস আলমের এ মন্তব্যের মাধ্যমে নতুন সরকারের যাত্রা নিয়ে ইতোমধ্যেই বিতর্ক এবং রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম