বিনোদন ডেস্ক: নাচে ঝড় তোলা পারফরম্যান্স, আকাশছোঁয়া পারিশ্রমিক আর একের পর এক আলোচিত উপস্থিতি—সব মিলিয়ে বিনোদন অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি তামান্না ভাটিয়া। তবে সাহসী ইমেজের আড়ালে নিজের ব্যক্তিগত সীমারেখা নিয়ে এবার খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘দ্য ব্যাডস অব বলিউড’এর ‘গফুর’ গানে তার পারফরম্যান্স সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তোলে। এর আগে ‘আজ কি রাত’ ও ‘কাবালা’র মতো গানে নাচে মুগ্ধ করে অনেকের কাছেই আইটেম গানের অঘোষিত রানির স্বীকৃতি পেয়েছেন তিনি। জানা গেছে, গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ছয় মিনিটের পারফরম্যান্সের জন্য তিনি নিয়েছিলেন ৬ কোটি টাকা।
শুধু নাচেই নয়, অভিনয়েও নিজের অবস্থান শক্ত করেছেন তামান্না। বিশেষ করে নেটফ্লিক্সের লাস্ট স্টোরিজ ২-এ তার অভিনয় ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাহসী চরিত্রে উপস্থিত হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি আসলে তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি।
তামান্নার ভাষ্য, পুরো ক্যারিয়ারে আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্য করিনি। যা করেছি, তা খুবই সামান্য। তিনি জানান, এটি তার সচেতন ও ব্যক্তিগত সিদ্ধান্ত। বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা সহজেই বিভিন্ন ধরনের কনটেন্ট দেখছেন, তাই পর্দায় কী করবেন তা নিয়ে তিনি সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন।
অভিনেত্রীর মতে, কোনো ভয় বা দ্বিধা যেন তার এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়। একই সঙ্গে তিনি মনে করেন, গল্পের প্রয়োজনে চুম্বনের মতো দৃশ্য থাকলে সেটিকে চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখা উচিত। সময়ের সঙ্গে চলচ্চিত্রের ধারা বদলাচ্ছে এ পরিবর্তনকেও ইতিবাচকভাবেই দেখেন তিনি।
ঝলমলে গ্ল্যামার আর ব্যক্তিগত নীতির ভারসাম্যে নিজের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন তামান্না এমনটাই বলছেন সমালোচকরা।
রিপোর্টার্স২৪/ঝুম