| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন-পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর বার্তা পুলিশ সদর দপ্তরের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১২:২৩:২০:অপরাহ্ন  |  ৭০৪৫০৬ বার পঠিত
নির্বাচন-পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর বার্তা পুলিশ সদর দপ্তরের

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনের পর ৪৮ ঘণ্টায় সারা দেশে ৭৬টি সহিংসতার ঘটনা ঘটেছে জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে- পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের দায় নিতে হবে, প্রয়োজনে বিভাগীয় শাস্তির মুখোমুখিও হতে হতে পারে।

সদর দপ্তর সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষ হলেও দায়িত্ব শেষ হয়নি। সম্ভাব্য প্রতিহিংসামূলক হামলা, ভাঙচুর ও সংঘর্ষ ঠেকাতে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপারদের। নির্বাচনের দুই দিন আগে থেকেই সব জেলাকে বিশেষ মনিটরিংয়ে রাখা হয়। একাধিক দফায় সতর্কবার্তাও দেন বাংলাদেশ পুলিশ-এর মহাপরিদর্শক (আইজিপি)।

ভোট-পরবর্তী ১২ ফেব্রুয়ারি রাত থেকে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত ৬৬টি সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে; এতে আহত হয়েছেন ৮৩ জন। পরবর্তী ২৪ ঘণ্টায় ফরিদপুর, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, টঙ্গী, কুষ্টিয়া, ফেনী, যশোর, মাদারীপুর ও বাগেরহাটে অন্তত ১০টি সংঘর্ষের ঘটনা ঘটে। বাগেরহাটের কচুয়া উপজেলায় সংঘর্ষে ওসমান সরদার (২৯) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি-জামায়াত সংশ্লিষ্ট ৩০টি ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ঘিরে ৬টি ঘটনায় আহত ৬ জন। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সংঘাতে ১২টি ঘটনায় আহত ২০ জন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঘিরে ৪টি ঘটনায় আহত ১০ জন। অন্যান্য ঘটনায় ১১টিতে আহত ১৭ জন। বিচ্ছিন্ন আরও দুটি ঘটনার তথ্য রয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত, সামাজিক মাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারের বিরুদ্ধে তৎপরতা এবং প্রয়োজন হলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম সক্রিয় রাখা ও জেলা প্রশাসনসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এক ভার্চুয়াল ব্রিফিংয়ে আইজিপি বলেন, ফল ঘোষণার পর যেন কোথাও অস্থিরতা তৈরি না হয়- সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। জনগণের জানমাল রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার; কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪