বিনোদন ডেস্ক: ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আবারও আলোচনায় এবার ভালোবাসার আবেগঘন এক বার্তায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই অভিনেত্রী বসন্ত ও ভালোবাসা দিবসের আবহে জানালেন হৃদয়ের গভীর অনুভূতি।
ফেসবুক পোস্টে ভালোবাসার নতুন সংজ্ঞা তুলে ধরে চমক লিখেছেন, এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা।
ভবিষ্যতের এক স্বপ্নিল মুহূর্ত কল্পনা করে তিনি লেখেন, আমার ৬০তম বসন্তে, কুচকে যাওয়া হাত তোমার হাতে রেখে বসন্ত বিকেল উদযাপন করতে চাই। নরওয়ের শেষ গ্রামে বসে কফি আর ক্রোসেন্ট খেতে খেতে দেখতে চাই অপার্থিব সূর্যাস্ত।
ভালোবাসার খুনসুটি নিয়েও ছিল তার মিষ্টি অভিব্যক্তি। তিনি বলেন, তুমি অন্য মেয়ের দিকে তাকালে চোখ রাঙিয়ে তাকাতে চাই। Shel Silverstein-এর কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে ৬০ বছর বয়সেও নিজেকে কিশোরী ভাবতে চাই।
নিজের অপূর্ণতা ও প্রাপ্তির কথা জানিয়ে চমক লিখেছেন, খুব সাধারণ কয়েকটা স্বপ্ন আমার। সৃষ্টিকর্তা প্রায় সবই পূরণ করেছেন। এখন শেষ ইচ্ছা তোমার সঙ্গে বৃদ্ধ হওয়ার। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না।
পোস্টের শেষে প্রিয় মানুষকে উদ্দেশ্য করে তার মিষ্টি আবদার এখন এক কাপ চা বানিয়ে আনো তো। তাহলে কাল বাসায় তোমার প্রিয় খাবার রান্না হবে। বসন্ত আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা, প্রিয়। চমকের এই আবেগঘন বার্তা ইতোমধ্যেই ভক্তদের মাঝে সাড়া ফেলেছে।
রিপোর্টার্স২৪/ঝুম