রিপোর্টার্স২৪ ডেস্ক: দুই দশকের বেশি সময় ধরে ছোটপর্দা ও সিনেমায় সুনাম আসা অভিনেতা তিনু করিম মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু নিশ্চিত করেছেন তিনু করিমের মৃত্যুর খবর। ফেসবুকে তিনি লিখেছেন, আজকে ভোট দিয়ে বাসায় ফেরার পরপরই তোর সুস্থতার জন্য আমাদের মিলিত যুদ্ধ উদযাপন করতে চেয়েছিলাম, সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।
গত বছরের ৮ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে তিনুকে ঢাকায় আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩ ডিসেম্বর লাইফসাপোর্টে নেওয়া হয়। ৪০ দিন হাসপাতালে কাটানোর পর গত জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন। কিন্তু সুস্থতার মধ্যেই হার্ট অ্যাটাকে মারা যান।
শ্রীমতি হুমায়রা নওশিন সংবাদমাধ্যমকে বলেন, তিনি একদম সুস্থ ছিলেন। তিন দিন আগেই বরিশালের গ্রামের বাড়িতে এসেছিলাম। সব ঠিক ছিল। দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তিনু করিমের অভিনয় জীবন শুরু হয় ২০০১ সালে নাটক ‘সাক্ষর’ দিয়ে। পরবর্তীতে অসংখ্য টিভি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। বিশেষ করে একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।
রিপোর্টার্স২৪/ঝুম