বিনোদন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়ক ওমর সানি। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। ধানের শীষের হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় সরব ছিলেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমর সানি বলেন, আমি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই দেখতে চাই। আমার জন্মের পর থেকে নেতা হিসেবে প্রথম দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এরপর সবার নেত্রী বেগম খালেদা জিয়া। এখন উনাদের পুত্র তারেক রহমান আমাদের সমসাময়িক নেতা এবং আমাদের সোনালী প্রজন্মের মানুষ। উনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ওমর সানি আরও বলেন, আগে কি করেছেন জানি না। এবার চেষ্টা করলাম ভুল ধরতে, পারিনি। সামান্য একটা বিড়াল থেকে শুরু করে মানুষ ও দেশ নিয়ে যে জ্ঞান প্রকাশ করেছেন, আমি মুগ্ধ। আর তার মেয়ে জাইমা তো মনে হয় আমারই মেয়ে।
এসময় তিনি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ প্রত্যাশা করেন।
শোবিজ তারকাদের রাজনীতি করার বিষয়ে তিনি বলেন, যে কেউ রাজনীতি করতে পারে, এটা দোষ নয়। তবে প্রতিটি জায়গার জন্য আলাদা পরিচয় থাকা উচিত। আমি চলচ্চিত্রে থাকলে সিনেমার মানুষ, ব্যক্তিগত জীবনে দল করব। এফডিসিতে ঢুকলে কেবল সিনেমার পরিচয় থাকা উচিত।
ওমর সানি জানান, তার স্ত্রী নায়িকা মৌসুমী নৌকার প্রার্থী ছিলেন। বিষয়টি নিয়ে তিনি শিগগিরই ব্যাখ্যা দেবেন।
রিপোর্টার্স২৪/ঝুম