রিপোর্টার্স২৪ ডেস্ক: ১৭ বছর পর ভোট দিয়েছি। দীর্ঘ সময় পর নতুন বাংলাদেশে ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তারের অনুভূতি এমনই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজেকে কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে দাবি করেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, নির্বাচন আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ। প্রথম ভোটারের হিসেবে অংশ নেওয়ায় আমি খুব আনন্দিত। আশা করি, ভোটগ্রহণ চলাকালে এই উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।
মাসুমা আক্তার আরও জানান, গণভোটে তিনি ‘হ্যাঁ’ এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তার প্রত্যাশা, নির্বাচিত প্রার্থী একটি সুন্দর সমাজ গড়ে তুলবেন।
ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪–৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
এ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াতে ইসলামী জোট মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস ও গণঅধিকার পরিষদ-জিওপির প্রার্থীরাও ভোটে অংশগ্রহণ করছেন।
সকল বয়সী ভোটারের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের দিনটি ঢাকাবাসীর জন্য সত্যিই আনন্দময় হয়ে উঠেছে।
রিপোর্টার্স২৪/ঝুম