রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল অনৈতিক কৌশল অবলম্বন করে যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তার ভাষায়, এমন প্রবণতা দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
কোনো দলের নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা অতি উচ্চাভিলাষী। যেকোনোভাবে ক্ষমতায় যেতেই হবে—এমন মানসিকতা তাদের মধ্যে কাজ করছে। সেই লক্ষ্য পূরণে তারা অনৈতিক পথও বেছে নিচ্ছে।
তিনি দাবি করেন, বিভিন্ন এলাকায় সাজানো ঘটনা সৃষ্টি এবং ব্যালট পেপার ছাপানোর মতো অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীরা জড়িত বলে তিনি ইঙ্গিত দেন।
বিএনপির এই নেতা বলেন, আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সব দলকে নিয়ম-কানুন ও আচরণবিধি মেনে চলতে হবে। বাংলাদেশের মানুষ আর কোনো ধরনের অপসংস্কৃতি মেনে নেবে না বরং তা প্রত্যাখ্যান করবে।
তিনি আরও মন্তব্য করেন, অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করে। জনগণ এমন রাজনীতির পক্ষে নয় এবং ভবিষ্যতেও সমর্থন করবে না বলেও দাবি করেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম