নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার প্রস্তুতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নাসিক ৮নং ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাই স্কুল (১৯০ নং ভোট কেন্দ্র) এলাকায় এই ঘটনা ঘটেছে।
ভিডিও প্রকাশের পর প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূইয়া ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সূত্রে জানা যায়, প্রিজাইডিং অফিসার বশিরুল হক ভূইয়া জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিদ্ধিরগঞ্জের সহকারি রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম চৌধুরী জানান, তারা ঘটনার সত্যতা পাননি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিকও জানিয়েছেন, রিটার্নিং অফিসারসহ পুলিশ উপস্থিত হয়ে ঘটনার প্রমাণ পাননি।
রিপোর্টার্স২৪/বাবি