লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। ঘটনায় তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করার পর যাচাইবাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আধা ঘণ্টার মধ্যে সহকারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, বিকেলে জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। সহকারী বদরুল আলম শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই এবং গাড়িটি প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহার হচ্ছিল।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করার জন্য গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি