| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতসকালে রাজধানীর বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১০:০২:৪৬:পূর্বাহ্ন  |  ৭৫২০০৫ বার পঠিত
সাতসকালে রাজধানীর বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা কয়েক দিন ধরে দূষণের দমবন্ধ পরিস্থিতির মধ্যেই নতুন করে আবারও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় পৌঁছেছে রাজধানী ঢাকার বাতাস। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়।

সকাল ৯টায় প্রকাশিত তথ্যে দেখা যায়, ২৮২ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একই সময়ে ৩২৬ স্কোর নিয়ে ভারতের দিল্লি শীর্ষে অবস্থান করছে, যেখানে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত। ২৭২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়, আর অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা সাধারণ মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বায়ুমানের এই সূচক নির্ধারণ করা হয় বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)–এর উপস্থিতির ভিত্তিতে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি বায়ুদূষণ স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য এটি বিশেষভাবে বিপজ্জনক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। রাজধানীর ক্রমবর্ধমান বায়ুদূষণ নাগরিক স্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠছে এমন সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪