রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা ও আলোচনা। এরই মধ্যে ভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দেওয়ায় নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার এই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি পরিচিত হিরো আলম নামে।
নির্বাচন কমিশনের (ইসি) এই নির্দেশনার পর সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে না- এ কেমন কথা? আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি?
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টটির মন্তব্য ঘরে নেটিজেনদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া- কেউ সমর্থন করেছেন, কেউ আবার নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে ইসির সিদ্ধান্তকে যৌক্তিক বলে মত দিয়েছেন।
এদিকে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন।
প্রসঙ্গত, হিরো আলম এর আগেও একাধিক জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। পরে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
রিপোর্টার্স২৪/আরকে