| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতিতে পেশিশক্তি ও পুরুষতান্ত্রিকতার প্রভাব বৃদ্ধি, ঝুঁকিতে প্রান্তিক ভোটাররা: টিআইবি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ২৩:২৬:৫৫:অপরাহ্ন  |  ৭৬৭০২৫ বার পঠিত
রাজনীতিতে পেশিশক্তি ও পুরুষতান্ত্রিকতার প্রভাব বৃদ্ধি, ঝুঁকিতে প্রান্তিক ভোটাররা: টিআইবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: নির্বাচনী পরিবেশে দেশের নারী, আদিবাসী, লৈঙ্গিক বৈচিত্র্যবাহী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিরা চরম ঝুঁকির মুখে রয়েছেন বলে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অর্থ, পেশিশক্তি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং সংখ্যাগরিষ্ঠতার প্রভাব উদ্বেগজনকভাবে বেড়ে গেছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার প্রয়োগকে হুমকির মুখে ফেলছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আইনশৃঙ্খলা মনিটরিং সেলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের ভোটাধিকার সঠিক ও স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে কি না,তা নিয়ে টিআইবি গভীর শঙ্কা প্রকাশ করছে।

তিনি জানান, নির্বাচন ঘিরে টিআইবির পর্যবেক্ষণ ও উদ্বেগের বিষয়গুলো কমিশনের আইনশৃঙ্খলা মনিটরিং সেলকে জানানো হয়েছে। সেলের প্রধান ও নির্বাচন কমিশনার সানাউল্লাহ টিআইবিকে আশ্বস্ত করেছেন যে, প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নির্বাচনী কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সাম্প্রতিক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি এ সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ এবং ‘মাথাব্যথায় মাথা কেটে ফেলার মতো’ বলে মন্তব্য করেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বন্ধ করা সমাধান নয়; বরং প্রযুক্তির অপব্যবহার রোধে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়াই জরুরি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪