স্টাফ রিপোর্টার: শেষ সময়ে এসে অন্তর্বর্তী সরকার সংবাদপত্রে বিজ্ঞাপনের হার বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবে রোববার (৮ ফেব্রুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্মতি দেওয়ার পর রাতেই এ বিষয়ে আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সংবাদপত্রের বিজ্ঞাপনের হার বাড়ানোর জন্য একটি প্রস্তাব তৈরি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
অর্থ মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞাপন হার বৃদ্ধির যৌক্তিকতা হিসেবে দেখানো হয়েছে, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। গঠিত সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব দাখিল করে। সংস্কার কমিশনের সুপারিশের সংখ্যা ১১০টি। এই ১১০টি সুপারিশের মধ্যে অতি গুরুত্বপূর্ণ সুপারিশের একটি হলো– সরকারি বিজ্ঞাপনের রেট বেসরকারি বিজ্ঞাপনের রেটের তুলনায় নগণ্য। এ বৈষম্য কমাতে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বর্তমান বাজারভিত্তিক করা প্রয়োজন।
গণমাধ্যম সংস্কার কমিশনের এই সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস)-কে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভায় ২০১৯ সালে জারি করা সর্বশেষ বিজ্ঞাপন হার আমলে নিয়ে সংবাদপত্র প্রকাশের মূল কাঁচামালসহ অন্যান্য খরচ বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান বিজ্ঞাপন হার যৌক্তিকভাবে বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সিদ্ধান্তের আলোকে প্রস্তাবিত বিজ্ঞাপন হার নির্ধারণের জন্য প্রশাসনিক মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনের রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্রের বিজ্ঞাপনে নতুন হার হবে–
(ক) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র:
সংবাদপত্রের প্রচার সংখ্যা ৬,০০০ থেকে ৭,০০০ হলে বিজ্ঞাপনের হার ৪৫০ টাকা।
প্রচার সংখ্যা ৭,০০১ থেকে ৩০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৭ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৩০,০০১ থেকে ৫০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৫০,০০১ থেকে ৯০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৯০,০০১ থেকে ঊর্ধ্বে হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৪ টাকা হারে বৃদ্ধি পাবে, সর্বোচ্চ ১১০০ টাকা।
(খ) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর ব্যতীত অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র:
সংবাদপত্রের প্রচার সংখ্যা ৪,০০০ থেকে ৫,০০০ হলে বিজ্ঞাপনের হার ৪২০ টাকা।
প্রচার সংখ্যা ৫,০০১ থেকে ৩০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৩০,০০১ থেকে ৫০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৫০,০০১ ও তদূর্ধ্ব হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৪ টাকা হারে বৃদ্ধি পাবে, সর্বোচ্চ ৮৫০ টাকা।
(গ) জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র:
সংবাদপত্রের প্রচার সংখ্যা ৩,০০০ থেকে ৪,০০০ হলে বিজ্ঞাপনের হার ৪০০ টাকা।
প্রচার সংখ্যা ৪,০০১ থেকে ৩০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৩০,০০১ ও তদূর্ধ্ব হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পাবে, সর্বোচ্চ ৮০০ টাকা।
রিপোর্টার্স২৪/ধ্রুব