| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ০৯:৪৩:১৫:পূর্বাহ্ন  |  ৭৬১০৮২ বার পঠিত
চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আর্থিক লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ভোটকে ঘিরে অর্থের অপব্যবহার ঠেকাতে আগামী চার দিনের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে নির্বাচন শেষ হওয়ার দিন ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এসব সেবা সীমিত থাকবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, নগদ ও রকেটসহ সব এমএফএস সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সীমিত করা হয়েছে। একজন গ্রাহক একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারবেন এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করতে পারবেন। অর্থাৎ দৈনিক মোট লেনদেনের সীমা হবে ১০ হাজার টাকা।

একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে টাকা পাঠানোর সুবিধা পুরোপুরি বন্ধ থাকবে। আইবিএফটি (ইন্টার-ব্যাংক ফান্ড ট্রান্সফার) ব্যবস্থার আওতায় সব পিটুপি লেনদেন এই সময়ের জন্য স্থগিত থাকবে।

তবে সাধারণ গ্রাহকদের স্বস্তির বিষয় হলো,মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। এসব ক্ষেত্রে প্রচলিত নিয়মেই লেনদেন চালু থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের আর্থিক অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে হবে। পাশাপাশি এমএফএস-সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী এই সময়জুড়ে সব ধরনের লেনদেন এমএফএস ও ব্যাংকগুলোর পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক কোনো লেনদেন নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিতে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪