| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটে প্রার্থী ও এজেন্টরা ব্যবহার করতে পারবেন একটি করে গাড়ি: ইসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ২১:৪৪:০২:অপরাহ্ন  |  ৭৬৮৯৮৩ বার পঠিত
ভোটে প্রার্থী ও এজেন্টরা ব্যবহার করতে পারবেন একটি করে গাড়ি: ইসি

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের চলাচলের ক্ষেত্রে যানবাহন ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এক্ষেত্রে প্রার্থী ও তার প্রতিটি এজেন্ট প্রত্যেকে একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন এবং সঙ্গে সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে চলাচল করতে পারবেন বলে জানিয়েছে ইসি। ইতোমধ্যে সকল রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নির্বাচনি এজেন্টের চলাচলের জন্য বিভিন্ন যানবাহন ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপ সিদ্ধান্ত দিয়েছে।

(১) প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস/সিএনজি/অটোরিকশা ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) ব্যবহার করতে পারবেন। প্রার্থী এবং নির্বাচনি এজেন্ট প্রত্যেকে গাড়িচালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ পাঁচজন গাড়িতে অবস্থান করতে পারবেন। প্রার্থী তার নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ করে থাকলে গানম্যানও পাঁচজনের অন্তর্ভুক্ত হবেন।

(২) যেসব এলাকায় মোটরসাইকেল ব্যতিত অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব না, সেক্ষেত্রে প্রার্থী নিজে ও তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) অনধিক দুজন করে থাকতে পারবেন।

(৩) নৌযানের ক্ষেত্রে প্রার্থী এবং তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ পাঁচজন (নৌযান চালকসহ) করে চলাচল করতে পারবেন।

এতে আরও বলা হয়, যানবাহন ব্যবহারের ক্ষেত্রে প্রার্থী বা নির্বাচনি এজেন্টকে যানবাহনে অবস্থানকারী ব্যক্তিদের (প্রার্থী/নির্বাচনি এজেন্ট/গানম্যান ব্যতিত) জন্য রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে পরিচয়পত্র (নমুনা সংযুক্ত) গ্রহণ করতে হবে। একইসঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার গাড়িতে প্রদর্শন করতে হবে। 

উল্লেখ্য, প্রার্থী নির্বাচনি এজেন্ট ব্যতিত তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবে না। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪