রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠিন সময় পার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা
আব্বাস বলেন, আমি যেন নির্বাচনের দিন, অর্থাৎ ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়াই চাই।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিনোদনমূলক ও উসকানিমূলক আচরণ করে পুরো আসনকে অশান্ত করার চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে কৃত্রিমভাবে সহানুভূতির ভোট আদায়ের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
নির্বাচন ঘিরে ফলাফল পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের বিশেষ জায়গায় বিশেষ লোক বসানো হয়েছে। তারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য যা যা দরকার, তা করছে। আওয়ামী লীগের মতোই এখনো কিছু বিরোধী শক্তি নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছে।
মির্জা আব্বাস আরও বলেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের রায়ই শেষ কথা—এই বিশ্বাস থেকেই তিনি শেষ পর্যন্ত মাঠে থাকতে চান।
রিপোর্টার্স২৪/ঝুম