স্টাফ রিপোর্টার: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. এরফানুল হক। গত বৃহস্পতিবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন, যা আজ শনিবার পেট্রোবাংলা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেট্রোবাংলায় যোগদানের আগে মো. এরফানুল হক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
মো. এরফানুল হক ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. এরফানুল হক সংশ্লিষ্ট সবাই থেকে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি