স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনে মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র বাবা মীর মোস্তাফিজুর রহমান হার্ট অ্যাটাকের পর বর্তমানে হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে তিনি জানান, বাবার এই বড় ধরনের হার্ট অ্যাটাকের পরও তিনি কোনো ধরনের ব্যথা অনুভব করেননি। চিকিৎসকেরা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।
স্নিগ্ধ জানান, বাবার দুশ্চিন্তা এখনো মুগ্ধের প্রতি। ক্যানসার আক্রান্ত রোগীর কেমোথেরাপিতে সাহায্য নিশ্চিত করার বিষয়টি তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন।
তিনি লিখেছেন, আপনারা যে মানবিক মুগ্ধকে দেখেছেন, সে পুরোপুরি আব্বুরই প্রতিচ্ছবি। তার থেকে আমরা মানবিকতার শিক্ষা পেয়েছি।
স্নিগ্ধ আরও উল্লেখ করেছেন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় তিনি অসহায় বোধ করেছিলেন, কারণ নিজের বাবা সংকটাপন্ন অবস্থায় থাকায় আন্দোলনে যোগ দিতে পারছিলেন না।
পোস্টে তিনি বাবা মীর মোস্তাফিজুরের মুগ্ধর স্মৃতিচারণ তুলে ধরে লিখেছেন, জন্মের প্রথম কোলে নেয়ার মুহূর্তের কথা মনে করতে গিয়ে বাবার চোখে পানি টলমল করছিল। এত সংকটাপন্ন অবস্থাতেও তিনি আমাদের বোঝালেন, যাই হোক কখনো হার মানবে না।
স্নিগ্ধ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন একজন বীর শহীদ ও তার পরিবারের জন্য।
রিপোর্টার্স২৪/এসসি