সিনিয়র রিপোর্টার: শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের আপাতত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার(৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া পৃথক বার্তায় এ সতর্কবার্তা দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, আওয়ামী লীগ সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এতে একদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলন এবং অন্যদিকে আসন্ন নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলে দাবি করা হয়। এ অবস্থায় আন্দোলনকারীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে আন্দোলনের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন গুঞ্জন প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। পৃথক এক পোস্টে তিনি বলেন, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় হাদি হত্যার বিচার দাবিতে মিছিল চলাকালে পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনটির কয়েকজন শীর্ষ নেতা আহত হন।
রিপোর্টার্স২৪/এসসি