কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গায়েব হয়ে গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ।
এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে সমর্থকরা দ্রুত প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেছেন তারা।
এদিকে বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা মনে করছেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে আদর্শ ও কর্মসূচির মাধ্যমে, ডিজিটাল ষড়যন্ত্রের মাধ্যমে নয়।
বিকেলে আমির হামজার আইটি টিম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আমাদের সকল অনুসারী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। ইতোমধ্যে পেজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন