| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির ফ্যামিলি কার্ড হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৯:২০:৪০:অপরাহ্ন  |  ৮০৫৪১১ বার পঠিত
বিএনপির ফ্যামিলি কার্ড হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার
ছবির ক্যাপশন: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার কথা বলছে। দেশে মানুষ ১৮ কোটি কার্ড দেবে নাকি ৫০ কোটি? এটা শেখ হাসিনার ১০ টাকার চালের মতোই অবাস্তব প্রতিশ্রুতি।

মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের সর্বস্তরের মানুষ এবার পরিবর্তন চায়। এই পরিবর্তনের অর্থ হলো স্বাধীনতার পর থেকে যারা দেশ শাসন করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, আমরা ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের চেতনাকে একত্রিত করে নতুন বাংলাদেশ গড়তে চাই।

তিনি দুর্নীতিবিরোধী অবস্থানের কথা তুলে ধরে বলেন, আমাদের সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে। রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা হবে। উন্নয়ন প্রকল্পে যত টাকা বরাদ্দ হবে, কাজ শেষে আমাদের এমপিরা জনগণের সামনে সেই টাকার হিসাব দেবেন।

বিএনপির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ফেলু পার্টি দিয়ে দেশ চলবে না। তারেক রহমান প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামী ক্ষমতায় থেকেও কেন পদত্যাগ করেনি। আমরা প্রমাণ করতে চেয়েছি, ক্ষমতায় থেকেও দুর্নীতি না করে দেশ পরিচালনা করা যায়।

তিনি আরও বলেন, দাড়িওয়ালা-টুপি পরাদের নাকি দেশ চালানোর অভিজ্ঞতা নেই এই অপপ্রচার আমরা আগেই মিথ্যা প্রমাণ করেছি। যোগ্যতা থাকলে ইসলামী আদর্শে বিশ্বাসীরাও দেশ পরিচালনা করতে পারে।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, দাড়িপাল্লার প্রতীকে প্রচারণা চালানোর কারণে বিএনপির কর্মীরা জামায়াত সমর্থক নারীদের হিজাব-নিকাব টেনে খুলে নেওয়ার মতো ঘটনাও ঘটাচ্ছে। তিনি দাবি করেন, তারা ক্ষমতায় গেলে দেশের নারীদের মর্যাদা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

নিজেদের জনপ্রিয়তায় ভীত হয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপি বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্রোগ্রাম করে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। গতকাল আমার টুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।

সমাবেশে মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ, জেলা আমির মমিনুল হকসহ বিভিন্ন আসনের জামায়াত ও জোটভুক্ত দলের প্রার্থীরা।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪