| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানের এমডি গ্রেপ্তার হওয়ায় দায়িত্ব পেলেন ড. হুমায়রা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ২০:০৮:০০:অপরাহ্ন  |  ৭৯০৫৫৮ বার পঠিত
বিমানের এমডি গ্রেপ্তার হওয়ায় দায়িত্ব পেলেন ড. হুমায়রা

স্টাফ রিপোর্টার: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব গ্রহণ করেছেন ড. হুমায়রা সুলতানা। এ সিদ্ধান্ত দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিমান-১ শাখার অফিস আদেশে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।

ড. হুমায়রা বর্তমানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও পদেও দায়িত্বভার গ্রহণ করবেন।

অন্যদিকে, ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং কারাগারে থাকা প্রাক্তন এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জানা গেছে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর এমডি হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীকে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতেই উত্তরা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় মোট চারজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুই আসামি হলেন শফিকুর রহমানের বাসার দুই গৃহকর্মী—রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।

ড. মো. সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন—যেমন পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট, পরিচালক বিপণন ও বিক্রয়। এছাড়া তিনি ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজারভেশন, কার্গো শাখায় কাজ করেছেন এবং আন্তর্জাতিকভাবে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ পেশাগত জীবন শেষে ২০১৭ সালে তিনি অবসর গ্রহণ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ড. হুমায়রার নিয়োগ দেশের বিমান সেবার মান বজায় রাখতে এবং বিমান পরিচালনায় দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪