সিনিয়র রিপোর্টার: রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় ও সংলগ্ন এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ডিএমপি সদর দপ্তরের জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী অঞ্চল। এর মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।
এই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি