| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৪:২৫:৩৬:অপরাহ্ন  |  ৮০৩৫৬৩ বার পঠিত
মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান
ছবির ক্যাপশন: খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এরা মিথ্যাবাদী। যারা জনগণের সামনে বারবার মিথ্যা বলে, তারা কখনো দেশ চালাতে পারে না এবং দেশদরদী হতে পারে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

তারেক রহমান বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতারা কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। পরে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার অজুহাত দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, বিশেষজ্ঞরা স্পষ্টভাবে জানিয়েছেন,এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জনগণের সঙ্গে ধারাবাহিকভাবে মিথ্যা বলা হচ্ছে। নিজেদের স্বার্থে ধর্মকেও ব্যবহার করা হচ্ছে। এসবের একটাই পরিচয় এরা মিথ্যাবাদী।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৫–১৬ বছর ধরে দেশের মানুষ সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও জনগণের মত প্রকাশের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এ সময়ে যারা কথা বলার চেষ্টা করেছে, তাদের রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে, গুম-খুন ও মিথ্যা মামলার শিকার করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, এরপরও ২০২৪ সালের জুলাই-আগস্টে দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বঞ্চিত অধিকার পুনরুদ্ধার করবে।

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন এমন ঘোষণা দিয়ে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে পিছনে রেখে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অন্তত ১০ কোটি নারী। নারী সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী না করে কোনো পরিকল্পনাই সফল হবে না।

তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল।

বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে, যাতে তারা কারও ওপর নির্ভরশীল না থাকে।

একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ, সার, বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করা হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

খুলনাকে পুনরায় শিল্পনগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, গ্যাস সংকটসহ নানা সমস্যায় শিল্পাঞ্চলটি প্রায় মৃত অবস্থায় রয়েছে। বিএনপি সরকার গঠন করলে শিল্প পুনরুজ্জীবিত করা হবে এবং নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের যুব সমাজের জন্য আইটি পার্কসহ আধুনিক ও কর্মসংস্থানমুখী অবকাঠামো গড়ে তোলা হবে।শেষে তারেক রহমান বলেন, বিএনপির প্রথম ও প্রধান কাজ হবে দেশ পুনর্গঠন। বিএনপি কাজ করে দেশের জনগণের জন্য কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪