ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে এগোতে চাই।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে শোনা যাচ্ছে। আমি জানি না সেটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এমন কথা বলে থাকেন, তাহলে সেটা অন্যায়। নারীরা কখনোই তা মেনে নেবে না।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মক্ষেত্রে যেতে দিতে চায় না। তাদের ধারণা নারীরা ঘরে থাকবে, কাজ করবে না। এমনকি গার্মেন্টস খাতে কর্মরত নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ না করার কথাও তারা বলেছে। অথচ নারীরা কাজ না করলে সংসার চলবে কীভাবে সে প্রশ্নের কোনো জবাব নেই।
বিএনপির মহাসচিব বলেন, আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, লেখাপড়া না করে, তাহলে চাকরি পাবে কোথায়? সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ও বাটপাড়ির শামিল। নারী-পুরুষ সমান অধিকার নিয়েই বাংলাদেশে বসবাস করবে।
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। ইসলাম ধর্মেও নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি