| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীদের ভূমিকা নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১০:২৯:২৫:পূর্বাহ্ন  |  ৮২৫৩৯৩ বার পঠিত
নারীদের ভূমিকা নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক: নারীদের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নারীর অধিকার ও মর্যাদা প্রশ্নে জামায়াতের নীতি শুরু থেকেই সুস্পষ্ট এবং লিখিত ইশতেহারেই তা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। তার ভাষায়, আমরা চাই নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম এবং জনসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক।

তিনি আরও জানান, দলের ইশতেহারে নারীদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষার সুযোগ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা চালু করার প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি সমান কাজের জন্য সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মজীবী মায়েদের জন্য শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের কথাও এতে উল্লেখ করা হয়েছে।

জামায়াত আমির বলেন, শুধু সামাজিক বা অর্থনৈতিক ক্ষেত্রেই নয়। রাজনীতি ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর নেতৃত্ব নিশ্চিত করা, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার পক্ষেও দলটি স্পষ্ট অবস্থান নিয়েছে।

ডা. শফিকুর রহমান দাবি করেন, এসব নীতিগত অবস্থান নতুন বা সাম্প্রতিক কোনো চাপের ফল নয়। তিনি বলেন, কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব বিষয় তুলে ধরেছেন এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে। তার মতে, এগুলো কোনো গুজবের জবাব বা অনলাইন বিতর্কের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

তিনি বলেন, আমাদের রেকর্ড, নীতি ও ইশতেহারের আলোতেই জামায়াতে ইসলামীর মূল্যায়ন হওয়া উচিত। মিথ্যা বয়ান বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে নয়।

এ সময় জামায়াত আমির জানান, আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দলের ইশতেহার ঘোষণা করা হবে। তিনি বলেন, ওই ইশতেহারে নারীদের বিষয়সহ দলের সব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তার ভাষায়, নারীর প্রতি সম্মান প্রদর্শনই একটি অগ্রসর বাংলাদেশের পরিচয়। সেই ভবিষ্যৎ নির্মাণেই জামায়াতে ইসলামীর প্রচেষ্টা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪