| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌম্য সন্দীপন—এর কবিতা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৩:৩৩:৫২:অপরাহ্ন  |  ৮৩৫৮৮৩ বার পঠিত
সৌম্য সন্দীপন—এর কবিতা
ছবির ক্যাপশন: সৌম্য সন্দীপন

ফ্লাইট মুডে বিশ্বাস


আপাতত আমি দূরে সরে এসেছি

মানুষের ভিড় থেকে,

শব্দের ভিড় থেকে,

অপ্রয়োজনীয় ব্যাখ্যার

ধুলো জমা রাস্তা থেকে।


আমি চাই না কেউ আমাকে বুঝুক

বোঝাপড়া অনেক সময়

আরও বেশি ভুল বোঝাবুঝির জন্ম দেয়।

বোঝার নামে মানুষ শব্দের ছুরি চালায়,

আর নীরবতাকে বলে অপরাধ।


এই সময়টুকু আমি ব্যাখ্যার বাইরে থাকতে চাই,

নিজেকে ব্যাখ্যা করতে গেলেই 

অযথা শব্দে পুরোনো ক্ষতগুলো আবার রক্তাক্ত হয়ে ওঠে।

আমি ব্যাখ্যা দিই না আর,

ব্যাখ্যা মানে

নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো।

ভুল ধারণা ভাঙতে যাই না

কারণ ভাঙা কাঁচের মতো

সেগুলো আবার পায়ে বিঁধে।

ভাঙা জিনিসের শব্দ খুব তীক্ষ্ণ হয়।

আমি মিথ্যে শুনতে শুনতে ক্লান্ত,

বাহানার নরম কম্বলে

ঢাকা অবহেলার ঠান্ডা সহ্য হয় না আর।

আমি যে যে জায়গায়  আঘাত পেয়েছি,

সেসব জায়গা আজ মানচিত্রে নেই।

পিছন ফিরে তাকাই না

কারণ কিছু দৃশ্য

চোখে নয়, আত্মায় দাগ কেটে যায়।


আপাতত বিশ্বাসকে আলমারিতে তুলে রেখেছি,

ভরসাকে দিয়েছি দীর্ঘ ছুটি।

নতুন করে কাউকে ধরার আগে

নিজের হাতদুটো

ফাঁকা থাকুক কিছুদিন।

ভালোবাসার সামান্য আশায়

দরজায় দরজায়

হাত পাততে ইচ্ছে করছে না।

অল্প আদরের লোভে

নিজের মর্যাদা

বন্ধক রাখার বয়স পেরিয়ে গেছে।


আমি জানি,

ভিক্ষায় পাওয়া অনুভূতি

শেষমেশ অপমানেই রূপ নেয়।

এই সময়টুকুতে

আমি শুধু দূরত্ব চাইছি

মানুষের থেকে,

অতিরিক্ত অনুভূতির থেকে।

কখনো কখনো

নিজেকে বাঁচাতে

একটু একা হওয়াই

সবচেয়ে বড় দর্শন।

সবাইকে ধরে রাখতে গিয়ে

নিজেকে

হারিয়ে ফেলার

সময় এখন আর নেই।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪